প্রকাশ :: ... | ... | ...

রামপালে ঘেরের আইলে সবজি চাষে নতুন সম্ভাবনা কৃষকের জীবনে বদলে যাচ্ছে অর্থনৈতিক চিত্র


সংযুক্ত ছবি

সংগৃহীত

বাগেরহাটের রামপাল উপজেলায় মাছের ঘেরের আইলে সবজি চাষ এখন আশার আলো হয়ে উঠেছে স্থানীয় কৃষকদের জীবনে। দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে থাকা ঘেরের ধারের জমিতে এখন সারা বছরই চাষাবাদ চলছে। একই সঙ্গে মাছ ও সবজি উৎপাদন করায় দ্বিগুণ লাভ পাচ্ছেন কৃষকেরা। এতে বদলে যাচ্ছে তাদের অর্থনৈতিক অবস্থা, বদলাচ্ছে গ্রামীণ জীবনযাত্রা। উপজেলার গৌরম্ভা, পেড়িখালী, রামপাল সদর, রাজনগর, বাইনতলা, উজলকুড়, হুড়কা, মল্লিকের বেড়, বাশতলী ও ভোজপাতিয়া ইউনিয়ন ঘুরে দেখা গেছে—মৎস্যঘেরের আইলে চাষ হচ্ছে লাউ, করলা, ঢেঁড়স, ঝিঙা, শসা, কুমড়া, বেগুনসহ নানা মৌসুমী সবজি। ফলে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি কৃষকের বাড়তি আয়ও বেড়েছে। সোনাকুড় গ্রামের কৃষক মো. রফিকুল ইসলাম জানান, আগে শুধুমাত্র মাছ বিক্রির আয়েই সংসার চলতো। এখন ঘেরের আইলে সবজি লাগিয়ে প্রতিটি মৌসুমেই অতিরিক্ত ২০ থেকে ২৫ হাজার টাকা লাভ হচ্ছে। “সংসারের খরচ কিছুটা হলেও কমে যায়,”—বললেন তিনি। একই এলাকার নারী কৃষকদের প্রতিও সবজি চাষ আশীর্বাদ হিসেবে এসেছে। ভরসাপুরের সুফিয়া বেগম বলেন, “বাড়ির কাজের ফাঁকে করলা-লাউয়ের গাছ দেখভাল করি। প্রতিদিন কিছু না কিছু বিক্রি হয়। হাতখরচ তো উঠে-ই আসে।” সিংগড়বুনিয়া গ্রামের আয়েশা বেগম বলেন, “আগে বাজার থেকে সবজি কিনতে হতো। এখন ঘেরের আইলেই উৎপাদন করি। নিজেদের প্রয়োজন মিটিয়ে অবশিষ্ট বিক্রি করি। এতে সঞ্চয়ও হয়।” এ বিষয়ে কথা হলে রামপাল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়ালিউল ইসলাম বলেন, “কৃষকদের ঘেরের আইলে সবজি চাষে উৎসাহিত করা হচ্ছে। এতে জমি পতিত থাকছে না এবং মাছ চাষে কোনো ক্ষতি হচ্ছে না বরং লাভ দ্বিগুণ হচ্ছে। কৃষকদেরকে আধুনিক পদ্ধতি, কীটনাশকমুক্ত উৎপাদন ও প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।” কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে রামপালের প্রায় ৪৬৫ হেক্টর জমির ঘেরের আইলে সবজি চাষ হয়েছে। স্থানীয় কৃষকেরা বলছেন, এই পদ্ধতি শুধু আর্থিকভাবে লাভজনকই নয়, বরং স্থানীয় খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিতেও বড় ভূমিকা রাখছে। তবে কৃষকদের দাবি—সরকারি প্রণোদনা ও ভর্তুকি যেন প্রকৃত কৃষকের হাতে পৌঁছায় এবং সঠিকভাবে বিতরণ নিশ্চিত হয়। তাহলেই আরও বেশি মানুষ এই পদ্ধতির প্রতি আগ্রহী হবেন। স্থানীয়দের মতে, সহায়তা ও নজরদারি অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে রামপাল উপজেলা ঘেরের আইলভিত্তিক সবজি চাষের ‘মডেল অঞ্চল’ হিসেবে সারাদেশে পরিচিতি লাভ করবে। রামপালের কৃষকেরা এখন আশাবাদী— “যদি এই ধারাবাহিকতা বজায় থাকে, তবে রামপাল very soon হবে দক্ষিণ-পশ্চিম বাংলার সবজি উৎপাদনের শক্তিশালী কেন্দ্র।”